যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে পোল্যান্ড। এই বিষয়ে উভয় দেশের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিটির আর্থিক মূল্য ৪৭৫ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, পোল্যান্ডের এই অস্ত্রক্রয়ে ক্ষুব্ধ হবে রাশিয়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পোলিশ প্রেসিডেন্টের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা এই অস্ত্রক্রয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।
পোল্যান্ডের সীমান্তবর্তী রুশ ভূখণ্ডে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থায়ীভাবে মোতায়েন করেছে রাশিয়া। এ পদক্ষেপ মোকাবিলায় পোল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছ এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলো। ন্যাটো সদস্য পোল্যান্ডের সঙ্গে রাশিয়া সম্পর্ক খুব ভালো নয়।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার পর পোল্যান্ড নিজেদের সামরিক শক্তির আধুনিকায়ন শুরু করেছে।
এর আগে এই সপ্তাহে পোল্যান্ড রুশ কূটনীতিকদের বহিষ্কার করে। ৪ মার্চ যুক্তরাজ্যে নার্ভ এজেন্ট হামলার ঘটনায় কয়েকটি দেশের সঙ্গে সমন্বিতভাবে এই পদক্ষেপ নেয় দেশটি।