যুক্তরাষ্ট্রের বিশ কোটি ডলারের নিরাপত্তা প্যাকেজের আওতায় পাওয়া অত্যাধুনিক অস্ত্র নিয়ে মহড়া চালিয়েছে ইউক্রেনের সেনারা। শুক্রবার ইউক্রেনের পশ্চিমে অবস্থিত ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে এই মহড়া চালানো হয়। এতে মার্কিন ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
মহড়ায় শীতকালীন সাদা সামরিক পোশাক পরা সেনারা ক্ষেপণাস্ত্র ছুড়ে বা দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেন। একই সময়ে তুষারে ঢাকা প্রান্তরে সামরিক যান চলাচল করে।
সীমান্তে লক্ষাধিক রুশ সেনা মোতায়েনের ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন।
ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ-এর মুখপাত্র আন্দ্রি বেস্টিউক বলেন, এই অস্ত্রগুলো সামরিক যান ঠেকাতে, সেগুলোর ক্ষতি করতে এবং শহুরে পরিবেশে শত্রুর লুকিয়ে থাকা ভবন ধ্বংস করতে সহযোগিতা করবে।
মহড়ায় অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, 'শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত হন'।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে, মার্কিন অস্ত্রের দ্বিতীয় চালান শিগগিরই পৌঁছাতে পারে।