মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেছেন, যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইউক্রেন সীমান্তে সেনা বাড়ানোর পাশাপাশি রক্তের ব্যাগ মজুত করেছে রাশিয়া। সীমান্তে আগের চেয়ে বেশি যুদ্ধ বিমানও উড়ছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে ইউক্রেন সীমান্তে সেনা প্রত্যাহারের বিষয়টিও উড়িয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন।
বুধবার মস্কোর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ফলাও করে খবর প্রচার করে, ইউক্রেন সীমান্তে সেনা উপস্থিতি সরিয়ে নিচ্ছে রাশিয়া। কিন্তু ঘটনার একদিন না যেতেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা মস্কোর দাবিকে ভিত্তিহীন অ্যাখা দিচ্ছে।
এরমধ্যে যুক্ত হয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিনও। তিনি তো রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ করে বসলেন। ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে অস্টিন বলেন, আমরা আরও যুদ্ধ বিমান উড়তে দেখেছি। কৃষ্ণ সাগরে তাদের জোরালো প্রস্তুতি দেখেছি। শুধু তাই নয়, আমরা রক্ত মজুত করতেও দেখেছি রাশিয়াকে। অস্টিনের এমন অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিনের।
অস্টিনের এমন মন্তব্যের আগে অবশ্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে প্রথম দাবি করেছিলো, রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছাকাছি রক্ত সরবরাহ করেছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে গোলাগুলির খবরে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
সূত্র: রয়টার্স।