যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে দুইটি সি-১৩০ বিমানযোগে এসব সহায়তা পাঠানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
বিমানগুলো ছেড়ে যাওয়ার সময় ইসলামাবাদের নূর খান বিমানঘাঁটিতে দেওয়া ভাষণে কুরেশি বলেন, ইসলামাবাদে নিযুক্ত ইউক্রেনীয় দূতাবাসের অনুরোধে এসব সহায়তা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, জেনারেটর, সাবান, হ্যান্ড ওয়াশ, ওষুধ এবং টিনজাত খাবার রয়েছে।
শাহ মেহমুদ কুরেশি বলেন, তার দেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে ইউক্রেনের বিদ্যমান পরিস্থিতির সমাধান দেখতে চায়।
তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। তার ভিত্তিতেই দেশটিতে এসব সহায়তা পাঠানো হচ্ছে।
এর আগে পাকিস্তানের মিত্র চীনের তরফেও ইউক্রেনে সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়া হয়। গত বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, ইউক্রেনকে ৫০ লাখ ইউয়ান বা ৭ লাখ ৯১ হাজার ডলারের সহায়তা দেবে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, চীনের রেড ক্রস ইউক্রেনকে এই মানবিক সহায়তা দেবে। এর প্রথম ব্যাচটি এরইমধ্যে বেইজিং ছেড়ে গেছে।
চীনের মতো পাকিস্তানও এখন পর্যন্ত ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে রাশিয়া-বিরোধী প্রস্তাবেও ভোটদান থেকে বিরত ছিল দেশটি।