রুশ বাহিনীকে ধাওয়া করে তাড়ানোর ইঙ্গিত মিলেছে: পেন্টাগন

যুক্তরাষ্ট্র বলেছে, তিন সপ্তাহের বেশি সময় টানা বোমাবর্ষণের শিকার হওয়ার পরও রুশ বাহিনীর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইউক্রেন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র বলেন, কয়েকটি এলাকা থেকে আগ্রাসনকারী বাহিনীকে হটিয়ে ফের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইউক্রেনীয় বাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের শহরগুলোতে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। এর জেরে পূর্ব ইউরোপের প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায় লাখ লাখ ইউক্রেনীয় নাগরিক। সংঘাত অবসানের কোনও স্পষ্ট উপায় এখনও দেখতে পাচ্ছেন না বহু বিশ্লেষক।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি দাবি করেছেন, লাখ লাখ ডলারের পশ্চিমা সামরিক সহায়তায় ইউক্রেনীয় প্রতিরোধ অপ্রত্যাশিত রকমের তীব্র হয়ে উঠেছে। তিনি দাবি করেন এমনকি কিছু এলাকায় ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণও চালাচ্ছে।

জন কিরবি বলেন, ‘তারা রুশদের ধাওয়া করছে এবং অতীতে রুশদের অবস্থান ছিল এমন জায়গা থেকে তাদের তাড়িয়ে দিচ্ছে।’ বিশেষ করে মাইকোলাইভ এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এমন ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি। পেন্টাগন মুখপাত্র বলেন, ‘গত কয়েক দিন ধরে এমন ঘটনা বাড়তে দেখা যাচ্ছে।’

ইউক্রেনে রুশ বাহিনী নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে জানিয়ে পেন্টাগন মুখপাত্র বলেন, ‘তাদের জ্বালানি ফুরিয়ে আসছে। খাবার ফুরিয়ে আসছে। আধুনিক সেনাবাহিনী যেভাবে সমন্বয় করে অভিযান চালায় সেভাবে তারা তাদের অভিযান সমন্বয় করতে পারছে না।’

সূত্র: এএফপি