ইউক্রেনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া। ইউক্রেনে দূরপাল্লার রকেট সিস্টেম পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র– এমন খবরের প্রতিক্রিয়া এক রুশ কূটনীতিক এই হুঁশিয়ারি জানান। তিনি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনে সংবেদনহীন ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এ খবর জানিয়েছে।
শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাইডেন প্রশাসন পূর্ব ইউরোপীয় দেশ ইউক্রেনে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) পাঠাতে যাচ্ছে। দূর থেকে রুশ সেনা ও সরঞ্জামের ওপর হামলা চালাতে ইউক্রেনীয় কর্মকর্তারা এই অস্ত্র চেয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে। এর ফলে ডনবাস অঞ্চলে রুশ সেনাদের আক্রমণের গতি মন্থর করার প্রত্যাশা করছেন তারা।
শনিবার টেলিগ্রাম-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, বাইডেন প্রশাসন হয়তো কিয়েভকে হিমার্স এমএলআরএস ও এম২৭০ এমএলআর দিতে পারে। যাতে থাকবে এম৩১ জিএমএলআরএস গাইডেড মিসাইল।
আন্তনভ আরও বলেছেন, রুশ সীমান্তের কাছে এসব অস্ত্র মোতায়েন করা হতে পারে বলে ঝুঁকি রয়েছে এবং ইউক্রেনীয়রা রুশ শহরে হামলা চালাতে পারবে। এমন পরিস্থিতি আমাদের কাছে অগ্রহণযোগ্য ও সহ্য করার মতো না।
এই সপ্তাহে এক সাক্ষাৎকারে ইউক্রেনের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ার ওলেক্সান্ডার মেরেজকো বলেছিলেন, রাশিয়া এখন অবিরাম ও নির্মমভাবে কামান ব্যবহার করছে। এটি মোকাবিলায়, ইউক্রেনীয় সেনা ও বেসামরিকদের জীবন রক্ষায় আমাদের এমএলআরএস প্রয়োজন।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী সপ্তাহে এই অস্ত্র পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বাইডেন প্রশাসন। এমএলআরএস ইউক্রেনের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে পরবর্তী অস্ত্রের প্যাকেজ কেমন হবে তা নিয়ে।
অপর এক প্রশ্নের জবাবে কিরবি বলেন, ইউক্রেনীয়রা আমাদের কাছে প্রকাশ্যে ও সরকারিভাবে যে অস্ত্র চেয়েছে তা সম্পর্কে আমরা অবগত। আমরা তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। যুদ্ধক্ষেত্রে তাদের সফল হওয়ার জন্য সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আন্তনভ বলেছেন, রাশিয়া আশা করছে ওয়াশিংটন এমন উসকানিমূলক পদক্ষেপ নেবে না।