রাশিয়ার একটি অস্ত্র গুদামে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। এই হামলার জেরে হওয়া ব্যাপক বিস্ফোরণের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, বন্দর নগরী খেরসন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের রুশ নিয়ন্ত্রিত শহর নোভা কাকোভকার একটি অস্ত্র গুদামে তারা রকেট হামলা চালিয়েছে। খেরসন শহরটিও বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে।
সোশাল মিডিয়ায় ব্যাপক বিস্ফোরণের ভিডিও দেখা গেছে। হামলার ধরনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই হামলায় ইউক্রেনীয় বাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করেছে।
তবে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছে। তারা বলছে, বিস্ফোরণ ঘটেছে খনিজ সার মজুতের একটি স্থাপনায়। এতে একটি মার্কেট, হাসপাতাল ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সারের কিছু উপাদান অস্ত্রেও ব্যবহৃত হয় বলেও জানিয়েছে তারা।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে রুশ বাহিনী দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরের দুইটি চিকিৎসা কেন্দ্র ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে। আঞ্চলিক গভর্নর ভিটাইলি কিম এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, এই হামলায় অন্তত চার জন আহত হয়েছেন।
সূত্র: এপি