ইউক্রেনের সবচেয়ে বড় স্টিল ফার্ম মেটিনভেস্টের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের কারখানা ও বন্দর থেকে ৬০ কোটি ডলার মূল্যের স্টিল লুট করছে রাশিয়া। এই প্রতিষ্ঠানটি আজভস্টল কারখানার মালিক। মারিউপোল শহরের যুদ্ধের সময় এই কারখানাতেই আশ্রয় নেয় হাজার হাজার ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক।
মেটিনভেস্টের প্রধান নির্বাহী ইউরি রাইজেনেকভ বলেন, লুট করা স্টিল রাশিয়াতে পাঠিয়ে বিক্রি করা হয়ে গেছে। এর কিছু অংশ ব্রিটিশ ভোক্তাদের কাছে পাঠানোর কথা ছিল। তবে এই অভিযোগ নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ক্রেমলিন।
ইউক্রেনের বাণিজ্য ও উৎপাদন কেন্দ্র মারিউপোলে অবস্থিত মেটিনভেস্টের সদর দফতর। তিন মাস ক্রমাগত হামলার শিকার হয়ে মে মাসে এটির নিয়ন্ত্রণ চলে যায় রাশিয়ার কাছে।
নির্বাহী ইউরি রাইজেনেকভ বলেন, আজভস্টল কারখানায় হামলার সময়ে তিনশ’ কর্মী এবং দুইশ’ কর্মীদের আত্মীয় নিহত হন। আজবস্টল এবং তাদের সিস্টার প্লান্ট ইল্লিচ মিলে ইউক্রেনের মোট স্টিল উৎপাদনের ৪০ শতাংশের যোগান দেয়। এসব স্টিলের হাজার হাজার টন ইউরোপীয় ভোক্তারা ব্যবহার করে থাকেন। কিছু অংশ যুক্তরাজ্যেও পাঠানো হতো।
ইউরি রাইজেনেকভ দাবি করেন কোম্পানির নিজস্ব তথ্যদাতারা জানিয়েছেন, এসব স্টিল রাশিয়ায় পাঠানো হয়েছে। আর সেগুলো আন্তর্জাতিক বাজার কিংবা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বিক্রি করে দেওয়া হয়েছে।
রাইজেনেকভ বলেন, ‘তারা যা করেছে তা মূলত লুট। তারা কেবল আমাদের পণ্য চুরি করছে না বরং এগুলোর কিছু অংশ আগেই ইউরোপীয় ভোক্তাদের কাছে বিক্রি করা হয়ে গেছে। ফলে মূলত তারা কেবল আমাদের কাছ থেকেই চুরি করছে না, তারা ইউরোপীয়দের কাছ থেকেও চুরি করছে’।
এসব লুটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বলে জানান রাইজেনেকভ।
সূত্র: বিবিসি