ইউক্রেন ইস্যুতে ইউরোপকে নতুন কৌশল গ্রহণের আহ্বান

ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে নতুন কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। শনিবার তিনি বলেছেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের একটি নতুন কৌশল নেওয়া প্রয়োজন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রোমানিয়া দেওয়া এক ভাষণে ভিক্টর অরবান বলেন, যুদ্ধে বিজয় লাভ নয়, বরং কৌশলটি হওয়া উচিত শান্তি স্থাপনের লক্ষ্যে।

ন্যাটোর সদস্য হলেও হাঙ্গেরির সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। গত এপ্রিলের গোড়ার দিকে তিন পুনরায় নির্বাচিত হন।

ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রাশিয়ার ওপর আরোপিত নতুন ও অনেক নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে হাঙ্গেরি। দেশটি ইউক্রেনকে অস্ত্র সরবরাহে অস্বীকৃতি জানিয়ে আসছে।

গত এপ্রিলে অরবান ঘোষণা দেন, তার দেশ রাশিয়া থেকে আমদানিকৃত গ্যাসের দাম রুশ মুদ্রা রুবলে পরিশোধ করবে। অথচ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশ রুবলে গ্যাসের মূল্য পরিশোধে অস্বীকৃতি জানিয়ে আসছে। কিয়েভ বলছে, হাঙ্গেরির এমন সিদ্ধান্ত ইউরোপের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।