রাশিয়া থেকে ইউরোপে তেল সরবরাহের কাজে নিয়ে নিয়োজিত পাইপলাইনের পোল্যান্ড অংশে এবার লিক শনাক্ত হয়েছে। বুধবার এই লিক শনাক্তের পর ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন সময় এই লিকের খবর সামনে আসলো যখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নেতারা আসন্ন শীতে জ্বালানি মোকাবিলার প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
পোল্যান্ড জানিয়েছে, ড্রুজবা পাইপলাইনে লিক দুর্ঘটনায় হতে পারে। এই পাইপ দিয়ে জার্মানিতে গিয়ে পৌঁছায় রুশ তেল।
গত মাসে নর্ড স্ট্রিম পাইপলাইনে চারটি লিক শনাক্ত হয়েছিল। লিকের জন্য পশ্চিমা ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনেছে।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর থেকে ইইউ দেশগুলো রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। এই নীতির অংশ হিসেবে রুশ তেলের মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করছে ব্লকটি।
বুধবার সংকট মোকাবিলায় নতুন পদক্ষেপ গ্রহণের জন্য প্রাগে বৈঠকে মিলিত হচ্ছেন ইইউ জ্বালানি মন্ত্রীরা। বেশিরভাগ ইউরোপীয় দেশ গ্যাসের মূল্য বেঁধে দিতে সম্মত। কিন্তু কীভাবে করা হবে তা নিয়ে তাদের মধ্যে মতভিন্নতা রয়েছে। জার্মানিসহ ইউরোপের বৃহত্তম জ্বালানি ক্রেতারা বিরোধিতা করে আসছে। তারা বলছে, এতে করে সরবরাহ কমে যেতে পারে।
ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে পাইপলাইন অপারেটর পিইআরএন বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় মধ্যাঞ্চলীয় পোলিশ শহর প্লোক থেকে ৭০ কিলোমিটার দূরে লিক শনাক্ত হয়।
ড্রুজবা পাইপলাইনটির রুশ নাম ‘বন্ধুত্ব’। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের পাইপলাইন। এটি দিয়ে জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাবিকয়া, চেক রিপাবলিক ও অস্ট্রিয়াতে রুশ তেল সরবরাহ করা হয়।