একদিনে ইউক্রেনের ৪০টির বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র দেশটির বিভিন্ন শহরের স্থাপনায় আঘাত হানে বলে দাবি ইউক্রেনীয় কর্তৃপক্ষের। খবর রয়টার্স।
বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্টাফ জানান, ২৪ ঘণ্টায় ৪০টির বেশির ইউক্রেনীয় এলাকায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্রগুলো। আর রাশিয়ার ৩২টি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনীয় বিমান বাহিনী।
ইউক্রেনের বন্দরনগরী মাইকোলাইভের মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ব্যাপক গোলাবর্ষণ হয়েছে। একটি পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। ভবনের ওপরের দুটিতলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
রুশ বাহিনী বৃহস্পতিবার ভোরে বিস্ফোরক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলের একটি এলাকাকে টার্গেট করে। ড্রোন হামলায় শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের কর্মকর্তা কিরিলো টিমোশেঙ্কো।
সম্প্রতি ক্রিমিয়ার কার্জ ব্রিজে শক্তিশালী বিস্ফোরণে ক্ষতিগ্রস্তের জন্য কিয়েভকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপর থেকে ইউক্রেনজুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে রুশ বাহিনী। এ কয়েকদিনে প্রাণ হারিয়েছেন ৩০ জনের বেশি ইউক্রেনীয় নাগরিক।