রাশিয়ার কেনা ইরানি ড্রোনের হামলা মোকাবিলায় নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ একথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তিনি মনে করেন রাশিয়ার কাছে ইরান নির্মিত অন্তত ৩০০টি ড্রোন রয়েছে। এগুলো আক্রমণে ব্যবহার করা যায়।
তিনি আরও বলেছেন, এমন আরও কয়েক হাজার ড্রোন কেনার চেষ্টা করছে রাশিয়া। এমনটি ঘটবে কি ঘটবে না, তা আমরা দেখতে পাব। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে।
ওলেক্সি রেজনিকভ বলেন, এসব ড্রোন মোকাবিলার জন্য আমরা একটা ব্যবস্থা উদ্ভাবন করছি। বিস্তারিত জানার জন্য আমরা ড্রোনগুলো পর্যবেক্ষণ করেছি, দেখেছি ভেতরে কেমন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এগুলোর আলোকে আমরা একাধিক পাল্টা ব্যবস্থা গড়ে তুলছি।
ইউক্রেনে চলমান আক্রমণে রুশ সেনারা ইরানের নির্মিত কামিকাজি ড্রোন ব্যবহার করছে। মূলত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে এগুলো ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক।
তিনি বলেছেন, রুশরা ইউক্রেনজুড়ে এসব ড্রোন ব্যবহার করছে।