ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠোমো গুঁড়িয়ে দিতে যুদ্ধের নতুন ছক কষছে রাশিয়া। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, মস্কো ইউক্রেন খেরসন অঞ্চলের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এতে ‘বড় ধরনের বিপর্যয়’ ঘটবে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ভার্চুয়ালি ভাষণে তিনি আরও বলেন, দিনেপার নদীর কাখোভকা বাঁধটি রাশিয়ান বাহিনী খনন করেছিল। ওই বাঁধটি বর্তমানে রাশিয়ার দখলে থাকলেও ইউক্রেনীয় বাহিনী খুব কাছাকাছি চলে এসেছে। যদিও ইতোমধ্যে ওই বাঁধে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ এনেছে রাশিয়া।
বাঁধটি ধ্বংস হয়ে গেলে দিনিপ্রো নদীর আশপাশের কয়েক লাখ মানুষ দ্রুত বন্যার ঝুঁকিতে পড়বে। প্রেসিডেন্ট বলেন, দক্ষিণে পানির সরবরাহ কমানোর ফলে ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থার ওপরও প্রভাব পড়তে পারে।
রাশিয়ার সামরিক কমান্ডাররা অভিযোগ তুলেছেন যে, খেরসনের বেসামরিক স্থাপনাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। যদিও এমন অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা মস্কোর বিরুদ্ধে চাপিয়েছে কিয়েভ। তবে খেরসন পুনরুদ্ধারে জোরালো আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী, এটা সত্য। এ অবস্থায় অঞ্চলটি থেকে প্রায় ৫০ হাজার নাগরিককে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে রুশ সমর্থিত কর্তৃপক্ষ।