ইউক্রেনীয় শহর বাখমুতের দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। পুরো ডনবাস অঞ্চল দখলের লক্ষ্য থাকলেও বাখমুত এখন পর্যন্ত ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। পাঁচ মাসের বেশি সময় ধরে রকেট হামলা চালানোর পর এখন তারা শহরটির কাছাকাছি পৌঁছেছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
জুলাই মাসে লুহানস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটতে বাধ্য করে রাশিয়া। এরপর থেকেই বাখমুতে হামলা জোরদার করে রাশিয়া।
সিএনএন-এর খবরে বলা হয়েছে, রুশ ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপ অভিযানের সামনের সারিতে রয়েছে।
বাখমুত শহরের নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। শহরটি দখলের ফলে ইউক্রেনীয় সেনাদের রসদ সরবরাহ বাধাগ্রস্ত হবে। এখান থেকে ক্রামাটর্স্ক ও স্লোভিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হতে পারবে রুশ সেনারা। ডনেস্ক প্রদেশে শহর দুটি ইউক্রেনের গুরুত্বপূর্ণ ঘাঁটি।
বাখমুত শহরের ৭০ হাজার বাসিন্দার বেশিরভাগ ইতোমধ্যে অন্যত্র চলে গেছে। যারা রয়ে গেছেন তাদের বেশিরভাগ বয়স্ক মানুষ। পানি বা বিদ্যুৎ ছাড়াই তাদের বাস করতে হচ্ছে।
রাশিয়া যদি বাখমুত দখল করে ফেলে তাহলে ইউক্রেনীয় সেনাবাহিনীর পরের পদক্ষেপ কী হবে তা সম্পর্কে কর্নেল চেরেভাটি বলেছেন, আমরা যখন লিসিচানস্ক থেকে পিছু হটি তখন তাদের ক্লান্ত করে ফেলেছিলাম। এখানেও তাই করব।