ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রতিদিন কয়েকশ’ সেনা হারাচ্ছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরেছেন, পূর্বাঞ্চলীয় ডনেস্ক এখনও চলমান যুদ্ধের মূল কেন্দ্র হিসেবে রয়েছে। সেখানে প্রতিদিন কয়েকশ’ রুশ সেনা নিহত হচ্ছে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াইয়ে। সোমবার তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সোমবার রাতের ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, দখলদারদের পাগলামির মূল কেন্দ্র এখনও ডনেস্ক। প্রতিদিন তাদের কয়েকশ’ সেনা নিহত হচ্ছে। ইউক্রেনীয় সেনাদের অবস্থান করা ভূমিতে তাদের লাশের পর লাশ পড়ে আছে।

ডনেস্কতে বাখমুত ও আভডিভকা শহরে রাশিয়া ও ইউক্রেনীয় সেনারা লড়াই করছে। সম্প্রতি এই লড়াই তীব্র হয়েছে।

৩ নভেম্বর ডনেস্কতে যুদ্ধবন্দি বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। ওই দিন উভয় পক্ষ একে অপরের ১০৭ জন বন্দি বিনিময় করে।

আট মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে উভয় পক্ষ নিয়মিত বন্দি বিনিময় করেছে। এসব বিনিময়ে সেনাবাহিনীর সদস্য ও উচ্চ পদস্থ রাজনৈতিক কর্মকর্তারাও ছিলেন।