ইউক্রেনের রকেট হামলায় নিহত ৩, দাবি রুশ কর্মকর্তাদের

ইউক্রেনের লুহানস্ক প্রদেশের রুশ নিয়ন্ত্রিত শহর শাচাস্তিয়ায় ইউক্রেনীয় বাহিনীর রকেট হামলায় তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার অঞ্চলটির রুশ নিযুক্ত কর্তৃপক্ষ এমন দাবি করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে রুশ কর্মকর্তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেটের সাহায্যে চালানো এই হামলায় তিন জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। এছাড়া চারটি ঘর ধ্বংস হয়ে গেছে।

এর আগে শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ খাতসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সিরিজ হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এমন আরও হামলা চালানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র মস্কোর হাতে রয়েছে। তবে কিয়েভও যথেষ্ট শক্তিশালী।

এদিকে শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা।