ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার ভোরে ২০টির মতো ড্রোন নিয়ে হামলে পড়ে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টির মতো ড্রোন ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে শহর প্রশাসন ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ হামলার কথা জানিয়েছে। বলা হয়েছে, ‘শত্রুরা রাজধানী আক্রমণ করছে।’ তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইউক্রেনের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী কিয়েভসহ দেশটির অন্যান্য শহরগুলোকে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে দফায় দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, সোমবারের বিস্ফোরণের ঘটনায় গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।
আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা জানিয়েছেন, কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত দুই জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।