ইউক্রেন যুদ্ধের ‘লক্ষ্য’ জানালেন পুতিন

ইউক্রেন যুদ্ধের পেছনে নিজের ‘লক্ষ্যের’ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, এই যুদ্ধে তার লক্ষ্য হলো রাশিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কথিত ‘ঐতিহাসিক রাশিয়া’ ধারণার উল্লেখ করে পুতিন দাবি করেন, রুশ ও ইউক্রেনীয়রা একই।

এমন মন্তব্যের মধ্য দিয়ে দৃশ্যত ইউক্রেনের সার্বভৌমত্বকে অস্বীকার করে দেশটিতে রুশ আগ্রাসনের ন্যায্যতা তুলে ধরেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস রাশিয়া ঠিক পথে রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।’

তিনি বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের ওপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে।’