সিরিয়ার পূর্বাঞ্চলে হামলায় তেলক্ষেত্রের ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হন আরও দুইজন। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার সিরিয়ার দেইর এজ্জ জোর প্রদেশের আল তাইম তেলক্ষেত্র থেকে শ্রমিকদের বহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে হতাহতের ঘটনা ঘটে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটে আসে নিরাপত্তা সদস্যরা। হামলার পেছনে কারা জড়িত এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি সানা। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণ দিয়ে হামলাটি শুরু হয়। সন্ত্রাসীরা পাশ দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়। সূত্র: আল জাজিরা