রাশিয়া ক্রমাগত হামলা চালিয়ে ইউক্রেনকে অন্ধকারে ডোবাতে চায়, এমন মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। শনিবার টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, মস্কো আমাদের ভয়ভীতি দেখিয়ে নতুন বছরে অন্ধকারে রাখতে চায়।
তিনি আরও বলেন, শত্রুরা আমাদের বিভিন্ন শহরের বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে। আবাসিক ভবন, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান এবং উৎসবের স্থানগুলো ধ্বংস করে দিয়েছে।
হামলার পরও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর বীর যোদ্ধারা প্রকৃত ঢাল। তাদের ধন্যবাদ জানাই।'
নতুন বছরের শুরুতেই শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানী কিয়েভে হামলা চালায় রুশ বাহিনী। এতে ১১ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট দফতর।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে সামিরক অভিযান শুরু করে রুশ বাহিনী। যা এখনও চলমান। যুদ্ধে বিপর্যয়ের মুখে পড়ে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা আরও বাড়িয়েছে রাশিয়া।