ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জয় অনিবার্য। নতুন বছরের ভিডিও বার্তায় তিনি রাশিয়ার সেনাদের বীরত্বেরও প্রশংসা করেছেন। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনে দশ মাসের যুদ্ধে রুশ সেনাবাহিনীর সামরিক ব্যর্থতার জন্য রাশিয়ার যুদ্ধবাজদের ভারী সমালোচনার মুখে রয়েছেন সের্গেই শোইগু। তিনি বলেছেন, রণক্ষেত্রের পরিস্থিতি এখনও কঠিন এবং রাশিয়াকে ঠেকিয়ে রাখার চেষ্টা করায় ইউক্রেন ও পশ্চিমাদের সমালোচনা করেছেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, এক কঠিন সামরিক-রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সামনে নতুন বছর এসে হাজির হয়েছে। এমন সময় যখন অনেকে আমাদের গৌরবান্বিত ইতিহাস ও বড় অর্জন মুছে দিতে চাইছে, ফ্যাসিবাদ দিয়ে আমাদের জয় ঢেকে দিতে চাইছে, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসাচ্ছে। তারা রাশিয়াকে ম্লান করতে সবকিছু করছে।
রক্তাক্ত যুদ্ধের ১ হাজার কিলোমিটার সম্মুখভাগে গত কয়েক মাসে রাশিয়া কোনও ভূখণ্ড দখল করতে না পারলেও শোইগু বলেছেন, নতু বছরের মতো জয় অনিবার্য।
ইউক্রেনীয় সেনাদের নব্য নাৎসি ও সন্ত্রাসী উল্লেখ করে তিনি রাশিয়ার সেনাদের বীরত্বের প্রশংসা করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নতুন বছর উপলক্ষে দেওয়া ভাষণে যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং নিজের সামরিক কৌশলের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সমালোচনার বাস্তবতায় রুশ নাগরিকদের সমর্থন লাভের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, বলেন, ‘পিতৃভূমির প্রতিরক্ষা আমাদের পূর্বপুরুষ ও বংশধরদের কাছে আমাদের পবিত্র দায়িত্ব।’