তুর্কি গ্যাস টার্মিনাল ব্যবহারে বুলগেরিয়ার চুক্তি স্বাক্ষর

তুর্কি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল এবং ট্রানজিট নেটওয়ার্ক ব্যবহারের জন্য তুরস্কের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে বুলগেরিয়া। এই চুক্তির ফলে বুলগেরিয়া রুশ জ্বালানির বিকল্প সরবরাহ সংগ্রহ করতে পারবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুলগেরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর বুলগারগ্যাস ও তুরস্কের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি বোটাস-এর মধ্যে এই স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য বুলগেরিয়া প্রতিবেশী তুরস্কের গ্যাস টার্মিনালে এলএনজি খালাস এবং পরে গ্যাস পরিবহনের জন্য বোটাস-এর নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।

ইউক্রেনে রুশ আক্রমণের আগ পর্যন্ত বুলগেরিয়া পুরোপুরি রুশ গ্যাসের ওপর নির্ভরশীল ছিল। যুদ্ধ শুরু হওয়ার পর যৌক্তিক মূল্যে বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহের চেষ্টা করে যাচ্ছে দেশটি। রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধের জন্য রাশিয়া দাবি জানানোর পর বুলগেরিয়া তাতে রাজি হয়নি। এই কারণে মস্কো গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

এদিকে, জ্বালানি সহযোগিতা নিয়ে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ফোনে দুই নেতা আলোচনা করেন।

গত সপ্তাহে কাজাখস্তানের সঙ্গে দশ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তিতে প্রতি বছর কাজাখস্তান হয়ে চীনে ১ কোটি টন তেল পরিবহন পাঠাবে রাশিয়া।