ইউক্রেনের সলেদার শহরের দখল নেওয়ার দাবি ভাড়াটে রুশ যোদ্ধাদের

ইউক্রেনের লবণ খনির শহরের সোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার মার্সেনারি গ্রুপ। এর আগে যুক্তরাজ্যের তরফেও একই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছে কিয়েভ। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার দাবি, দখলদার বাহিনীর তীব্র হামলা সত্ত্বেও এখনও সাহসিকতার সঙ্গে শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে তার দেশের সেনারা।

তিনি বলেন, সেখানে ব্যাপক লড়াই চলছে। নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতি উপেক্ষা করে লবণখনির এই শহরটি দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী।

রয়টার্সের খবরে বলা হয়েছে, নিকটবর্তী কৌশলগত শহর বাখমুত এবং বৃহত্তর পূর্ব ডনবাস অঞ্চল দখলের জন্য সলেদার শহর দখলের ওপর জোর দিয়েছিলেন রুশ কমান্ডাররা। কেননা, লবণের খনিসমৃদ্ধ প্রায় ১০ হাজার মানুষের এই শহরটি রুশ বাহিনীর হাতে চলে গেলে বাখমুত দখলের যুদ্ধে তারা অনেকেটাই সুবিধাজনক অবস্থানে থাকবে। আর বাখমুতের নিয়ন্ত্রণ পেলে মস্কোর জন্য ডনেস্ক ও লুহানস্কে রসদপত্র পাঠানোও আরও সহজ হবে।