ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার প্রায় ৮০০ সেনাকে হত্যা করেছে। মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের সেনাবাহিনীর এক কমান্ডারকে উদ্ধৃত করে এই দাবি করেন তিনি। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কিকে উদ্ধৃত করে জেলেনস্কি বলেন, গত সপ্তাহ থেকে শত্রুদের প্রায় ৮০০ সেনা নিহত হয়েছে।
জেলেনস্কি বলেন, রাশিয়া নিহত সেনাদের সংখ্যা গণনা করছেনা। আমাদের অবস্থানে নিয়মিত আক্রমণের জন্য পাঠাচ্ছে। লড়াইয়ের তীব্রতা বেড়েই চলেছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, যুদ্ধে ডনেস্ক অঞ্চলের শিল্প শহর বাখমুতের পরিস্থিতি সবচেয়ে কঠিন।
সিরস্কি এর আগে মঙ্গলবার বলেছিলেন, বাখমুতের পরিস্থিতি তীব্র উত্তেজনাময়। রুশ সেনারা শহরটি ঘিরে ফেলার দিকে অগ্রসর হচ্ছে।
জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা খেরসনে হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টা খেরসন অঞ্চলে রাশিয়া ৩০টির বেশি গোলাবর্ষণ করেছে।
তিনি বলেন, তারা ফাঁকা সড়ক ও মানুষের ওপর গোলাবর্ষণ করছে। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আজ (মঙ্গলবার) আমরা চারজনকে হারিয়েছে। সন্ত্রাসীদের পরাজিত করতে আমরা সবকিছু করছি।