ত্রিপক্ষীয় সাবমেরিন চুক্তি (অকাস) চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার (১৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে অকাস চুক্তি চূড়ান্তে আলোচনা করবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সুনাক বলেন, ‘অকাস চুক্তির পরবর্তী পর্যায়ের শুরু করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছি। এটি এমন একটি প্রকল্প যা ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও উন্নত করছে এবং নিরাপত্তা, প্রযুক্তিগত ও অর্থনৈতিক সুবিধা প্রদান করছে।’
অকাস জোটের প্রশংসা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক অস্থিতিশীল সময়েএ ধরনের জোটগুলো আমাদের শক্তি এবং নিরাপত্তার সবচেয়ে বড় উৎস।’
২০২১ সালে স্বাক্ষরিত পারমানবিক সাবমেরিনের ত্রিপক্ষীয় অকাস চুক্তি সই করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকান্ড প্রতিহত করার উদ্দেশ্যে এই চুক্তি করেছিল তারা। সোমবারের আলোচনায় চুক্তি অনুযায়ী দেশ তিনটির পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
এ ছাড়া সোমবারের আলোচনার পর নিরাপত্তা, প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতিতে ব্রিটেনের সমসাময়িক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে দেশটি। ‘ইন্টিগ্রেটেড রিভিউ’ নামে পরিচিত এই প্রতিবেদনে ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি ও অন্যান্য বিষয়ে দেশটি কীভাবে প্রতিক্রিয়া দেখাবে তা প্রকাশ করেছে। ২০২১ সালে এ বিষয়ে সর্বশেষ আপডেট প্রকাশ করেছিল ব্রিটেন।
ত্রিপক্ষীয় অকাস চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পারমাণবিক সাবমেরিন অর্জনে সহায়তা করবে অস্ট্রেলিয়াকে। ১৯৫০ সালে ব্রিটেনের সাবমেরিন নকশায় সহযোগিতা করার পর মার্কিন প্রযুক্তিতে তৈরি পারমাণবিক সাবমেরিন রফতানির ঘটনা এবারই প্রথম। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপে মন্থর গতিতে চলতে থাকা ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আরও বাড়বে। সূত্র: রয়টার্স