পাল্টা আক্রমণ নিয়ে যা বললেন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণের প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ। শুক্রবার (২৮ এপ্রিল) রেজনিকভ যখন এই কথা জানালেন সেদিন-ই বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২১ জন নিহতের খবর পাওয়া গেছে। গত দুই মাসের মধ্যে ইউক্রেনে পরিচালিত রাশিয়ার সবচেয়ে বড় হামলা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শীতকালজুড়ে কয়েক মাসব্যাপী রাশিয়ার আক্রমণের পর যুদ্ধ গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করতে যাচ্ছে। শীতকালে আক্রমণ অব্যাহত রাখলেও ইউক্রেনীয় ভূখণ্ড দখলে খুব একটা সাফল্য পায়নি। যদিও এই লড়াই চলমান যুদ্ধে সবচেয়ে রক্তাক্ত ও প্রাণঘাতী লড়াইয়ে পরিণত হয়েছে। শীতকাল শেষ হওয়ার পর পশ্চিমাদের পাঠানো কয়েক শ’ ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। দেশটি অঙ্গীকার করেছে, রাশিয়ার সেনাদের ইউক্রেনীয় ভূখণ্ড থেকে বিতাড়িত করা হবে। 

পাল্টা আক্রমণ নিয়ে দীর্ঘ দিন ধরে আলোচনা করে আসছেন ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা। হামলার আশঙ্কায় কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নতুন প্রতিরক্ষামূলক অবস্থান গড়ে তুলছে রুশ সেনারা। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে এই দাবি করেছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ একটি অনলাইন সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ঈশ্বরের ইচ্ছা, আবহাওয়া এবং কমান্ডারদের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে আমরা তা (পাল্টা আক্রমণ) শুরু করব। ইউক্রেন নিজেদের অভিযান পরিচালনার জন্য প্রায় প্রস্তুত। নতুন পাওয়া আধুনিক অস্ত্রগুলো লৌহ মুষ্টি হিসেবে কাজ করবে।

তিনি বলেছেন, পশ্চিমাদের সরবরাহকৃত নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ নিয়েছে ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছেন, প্রস্তুতি শেষ হতে চলেছে, কারণ অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ছাড়াও, আমাদের সামরিক কর্মীদের কীভাবে সেগুলো ব্যবহার করতে হবে সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া উচিত। আমরা অত্যাধুনিক অত্যাধুনিক ব্যবস্থা পেয়েছি।

তিনি আরও বলেছেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, ট্যাংক জোটের প্রতিশ্রুতির বাইরেও আমরা আব্রামস ট্যাংকের অপেক্ষায় আছি। তবে আমি মনে করি না পাল্টা আক্রমণে আব্রামস ব্যবহার করা হবে। কিন্তু আমাদের সেনারা প্রশিক্ষণের জন্য ইউক্রেন ত্যাগ করেছে।

যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে এম১এ১ আব্রামস ট্যাংক সরবরাহ করবে। গত মাসে পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছিলেন, এগুলোতে ১২০ এমএম কামান এবং একটি ৫০ ক্যালিবার ভারী মেশিন গান থাকবে।

রেজনিকভ বলেন, আমরা আরও বিভিন্ন ধরনের আর্মর্ড যান পেয়েছি। বিশেষ করে আর্মর্ড পারসোনাল ক্যারিয়ার এবং ইনফ্যান্ট্রি যান। আমাদের রয়েছে ব্র্যাডলি, মারডার্স, স্ট্রাইকার্স ও সিভি ৯০। আমরা এগুলো ব্যবহারের প্রশিক্ষণ শেষ করছি। কিন্তু সাধারণভাবে বলা যায়, আমরা প্রায় প্রস্তুত।

এর আগে ১৯ এপ্রিল রেজনিকভ ঘোষণা দিয়েছিলেন, পশ্চিমা মিত্রদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের নির্মিত প্যাট্রিয়ট ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস কয়েক মাস আগে ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

ওই সময় রেজনিকভ টুইটারে লিখেছিলেন, আমাদের চমৎকার আকাশ আগের চেয়ে এখন অনেক বেশি সুরক্ষিত। কারণ ইউক্রেনে পৌঁছেছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের সেনারা এগুলোর ব্যবহার শিখেছে এবং আমাদের অংশীদাররা তাদের প্রতিশ্রুতি রেখেছে।

সূত্র: নিউজউইক