রুশ হামলা সফলভাবে ঠেকানোর দাবি ইউক্রেনের

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিরোধের দাবি করেছে কিয়েভ বাহিনী। তারা বলেছে, মধ্যরাতের পর ১৮টি ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশ বাহিনী। এগুলোর তিনটি কেবল আঘাত হানে। বাকি ১৫টিকে ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন চিফ ভ্যালেরি জালুঝনি-এর টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্টে বলা হয়েছে, ‘রাত আড়াইটার দিকে রাশিয়ান হানাদাররা বিমান থেকে ইউক্রেন আক্রমণ করেছিল। তাদের ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টিকে ধ্বংস করা হয়েছে’।

কিয়েভের শহরের কর্মকর্তারা বলছেন, রাজধানী লক্ষ্য করে ছোড়া ১৫টি ক্ষেপাণাস্ত্র ধ্বংস হয়ে গেছে। গত তিন দিনের মধ্যে কিয়েভে এটি দ্বিতীয় হামলা ছিল।

শহর প্রশাসন বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আবাসিক সুবিধা বা অবকাঠামোতেও আঘাত হানতে পারেনি রুশ ক্ষেপণাস্ত্র। রুশ হামলা ঠেকানোর জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ডাকা হয়েছিল।

ডিনিপ্রো অঞ্চলের প্রধান মাইকোলা লুকাশুক বলেন, ‘রাশিয়া রাতে ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ডিনিপ্রপেট্রোভস্কে হামলা হয়েছে। বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ৭টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এ সময় আহত হন ২৫ জন’।

তিনি আরও বলেন, ‘পূর্ব ইউক্রেনের শহর পাভলোহরাদেও হামলা হয়েছে। এতে একটি শিল্প প্রতিষ্ঠান, ১৯টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ২৫টি প্রাইভেট বিল্ডিংসহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে’।

জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়ান-সমর্থিত প্রশাসনের কর্মকর্তা ভ্লাদিমির রোগভ রবিবার পাভলোহরাদে আগুনের ছবি এবং ভিডিও প্রকাশ করেন। তিনি বলেন, ‘রুশ বাহিনী সেখানকার সামরিক স্থাপনাগুলোয় আঘাত হেনেছে’।

সূত্র: রয়টার্স