ইউক্রেনীয় সেনাবাহিনী বাখমুত শহরে রাশিয়ার বিরুদ্ধে সীমিত পাল্টা আক্রমণে সাফল্য পাচ্ছে। বুধবার মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এই দাবি করেছে। মার্কিন সাময়িকী নিউজউইকের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
শীতকাল থেকেই বাখমুত শহর দখলকে প্রধান লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে রুশবাহিনী। তাদের এই অভিযানের সম্মুখভাবে রয়েছে ওয়াগনার গ্রুপ। প্রায় ৯ মাস ধরে শহরটি দখলের চেষ্টা করছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তাক্ত পদাতিক লড়াইয়ে পরিণত হয়েছে বাখমুতের যুদ্ধ।
আইএসডব্লিউ জানায়, ভূ-অবস্থানগত ফুটেজে দেখা গেছে ডনেস্ক অঞ্চলের বাখমুত শহরের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে সফল অভিযান চালিয়েছে কিয়েভ। ক্রোমোভ ও বিলা হোরা তে ৯ ও ১০ মে এই আক্রমণ চালায় ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেনের সেনাবাহিনীর সূত্র বলছে, তাদের সেনারা বাখমুতের কাছে রাশিয়ার ৭২তম রাইফেল ব্রিগেডের ৬ষ্ঠ ও ৮ম কোম্পানিকে ধ্বংস করেছে এবং ১.৯ মাইল ফ্রন্টলাইনে ১.৬ মাইল অগ্রসর হয়েছে।
ইউক্রেনীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে তারা রুশ ব্রিগেডের সঙ্গে তাদের যুদ্ধের চিত্র রয়েছে বলে তারা দাবি করেছে। ভিডিওতে দেখা গেছে, রুশ সেনারা তাদের সাঁজোয়া যান থেকে পালাচ্ছে।
ইউক্রেনের আজভ রেজিমেন্টের প্রতিষ্ঠাতা আন্দ্রি বিলেতস্কি বুধবার বলেছেন, রুশ ব্রিগেডের ৬ষ্ঠ ও ৮ম কোম্পানি একেবারে ধ্বংস করা হয়েছে। তবে তিনি এই দাবির পক্ষে কোনও প্রমাণ হাজির করেননি।
এক দিন আগে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনও দাবি করেছিলেন, রুশ সেনারা বাখমুতের কৌশলগত অবস্থান ছেড়ে চলে গেছে। এতে করে রণক্ষেত্রের ১.২৫ মাইল উন্মুক্ত হয়ে পড়েছে।
আইএসডব্লিউ বলছে, বাখমুত ঘিরে আক্রমণ এবং রুশ সেনাদের লড়াইয়ের সামর্থ হ্রাস পাওয়ার কারণে স্থানীয় ইউক্রেনীয় হামলার মুখে ঝুঁকিপূর্ণ অবস্থানে পড়েছে রুশ বাহিনী।
নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্থানীয়ভাবে পরিচালিত পাল্টা আক্রমণের মধ্যেই ওয়াগনার গ্রুপ বাখমুত দখলের দিকে অগ্রসর হচ্ছে। যদিও প্রিগোজিন এখনও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর কাছ থেকে পর্যাপ্ত গোলাবারুদ না পাওয়ার অভিযোগ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার টেলিগ্রামে প্রিগোজিনও স্বীকার করেছেন, তিনি আরও দাবি করেছেন, দুর্ভাগ্যবশত ইউক্রেনের অভিযান আংশিকভাবে সফল হয়েছে।
তবে তিনি আরও দাবি করেছেন, বাখমুতের পশ্চিমাংশের শহরতলীর ভবনের দিকে অগ্রসর হচ্ছে তার বাহিনীর যোদ্ধারা।