রাশিয়ার বাখমুত দখলের দাবি অস্বীকার করলেন জেলেনস্কি

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় বাখমুত শহর এখন শুধু আমাদের হৃদয়ে। রবিবার তার এই মন্তব্যের পর ইউক্রেন দাবি করেছে, শহরটির নিয়ন্ত্রণ নিয়ে এখনও লড়াই চলমান রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাপানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে ভলোদিমির জেলেনস্কিকে জিজ্ঞেস করা হয়েছিল, রাশিয়া বাখমুত পুরোপুরি দখলের দাবির পর শহরটি কি এখনও ইউক্রেনের হাতে রয়েছে। জবাবে সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি না। আজকের জন্য বাখমুত শুধু আমাদের হৃদয়ে আছে।

পরে জেলেনস্কির এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তার প্রেস সচিব বলেছে, তিনি একটি প্রশ্নের ভিন্ন অংশের জবাব দিচ্ছিলেন।

সেরগি নিকিফোরভ নামের ইউক্রেনীয় কর্মকর্তা ফেসবুকে লিখেছেন, ‘সাংবাদিকের প্রশ্ন: রুশরা বলছে তারা বাখমুত দখল করেছে। প্রেসিডেন্ট জবাবে বলেছেন, আমি মনে করি না।’

প্রেস সচিব আরও বলেছেন, এর মাধ্যমে প্রেসিডেন্ট বাখমুত দখল হওয়ার কথা অস্বীকার করেছেন।

শনিবার রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনীয় শহরটি পুরোপুরি দখল করেছে। তাদের দাবি সঠিক হলে, এর মাধ্যমে ১৫ মাস দীর্ঘ যুদ্ধের সবচেয়ে দীর্ঘ ও রক্তাক্ত লড়াইয়ের অবসান হবে।

জেলেনস্কি বলেছেন, এটি একটি ট্র্যাজেডি। সেখানে কিছুই অবশিষ্ট নেই।

বাখমুত দখলে রুশ আক্রমণের নেতৃত্বে রয়েছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। তাদের আক্রমণে শহরটি একেবারে ধ্বংস হয়ে গেছে। শনিবার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, তার যোদ্ধারা ইউক্রেনীয়দের তাদের শেষ অবস্থানে ঠেলে দিয়েছে।

বাখমুত পুরোপুরি দখলে নেওয়ায় রাশিয়ার সশস্ত্র বাহিনী এবং ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যারা দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে তাদেরকে পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন তিনি।