আসন্ন ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করতে পারবেন কি না, সেটি নিয়ে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে আলোচনা করেছেন ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনায় উঠে এসেছে, চলতি বছরের আগস্টে জোহান্সবার্গে হতে যাওয়া সম্মেলনটিতে পুতিনের অংশগ্রহণ অনিশ্চিত, কেননা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার (২ জুন) রয়টার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার অর্থনৈতিক জোট ব্রিকসের পাঁচটি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠকে এমন আলোচনা হয়েছে। দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্য দেশ হওয়ায় দেশটিতে পুতিন গেলে তাকে তাত্বিকভাবে গ্রেফতারের কথা রয়েছে। তবে এর বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোর।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বিষয়টি নিয়ে দেশটির সর্বশেষ অবস্থান জানাতে পারবেন।’
চলতি বছরের মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। ইউক্রেনে আগ্রাসন ও জোরপূর্বক শিশুদের স্থানান্তরের দায়ে এমন পদক্ষেপ্প নেয় আইসিসি। তবে সব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। জানুয়ারিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে পুতিনকে আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বিষয়টি নিয়ে কোনও পরিকল্পনার কথা জানাননি পুতিন। ক্রেমলিন শুধু জানিয়েছে, ‘সঠিক পর্যায়ে’ অংশ নেবে রাশিয়া। বিশ্বকে বহু-মেরুকরণ করা নিয়ে মূলত বৈঠকে আলোচনা করেছেন ব্রিকস নেতারা। সূত্র: রয়টার্স