ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা হামলার জন্য প্রস্তুত কিয়েভ। এক সাক্ষাৎকারে ফের এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (৩ জুলাই) সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই কাজটা করতে কতদিন লাগবে তা জানি না। বিভিন্ন পথ অবলম্বন করতে হবে। তবে আমরা এটি করবো এবং আমরা প্রস্তুত। আমার দৃঢ় বিশ্বাস, আমরা সফল হবো।’
প্রায় ১৫ মাস ধরে চলা যুদ্ধে ইউক্রেনের কয়েকটি শহর ও অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। দখলকৃত এসব ভূখণ্ড পুনর্দখলে দীর্ঘদিন পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। পাল্টা হামলায় যুদ্ধের মোড় ঘুরে যাবে বলেও সাক্ষাৎকারে দাবি করেছেন জেলেনস্কি।
পাল্টা আক্রমণের প্রস্তুতির জন্য গত মাসে পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র ও গোলাবারুদ চেয়েছিলেন জেলেনস্কি। পরিকল্পনা বাস্তবায়নে কূটনৈতিক ভাবেও মিত্রদের ওপর সামরিক সহযোগিতার চাপ সৃষ্টি করেছিলেন তিনি। এরই অংশ হিসেবে যুক্ররাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ড, কানাডাসহ অন্যান্য মিত্রদের কাছ থেকে প্রচুর সামরিক সহায়তা পেয়েছে জেলেনস্কির প্রশাসন।
সূত্র: রয়টার্স