বাখমুতে রুশ সেনারা এখনও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে: ইউক্রেন

কিছুদিন শিথিল থাকার পর বাখমুতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। অন্তত ইউক্রেনীয় সেনাবাহিনী এমনটি দাবি করছে। তারা বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরটিতে মস্কোর সেনারা এখন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। রবিবার (৪ জুন) কিয়েভের সামরিক বাহিনী এমন দাবি করেছে।

ইউক্রেনের পদাতিক বাহিনীর প্রধান কমান্ডার জানিয়েছেন, বাখমুতে সম্প্রতি দুটি অভিযানে ব্যর্থ হয় রুশ সেনারা। বাখমুতের কাছাকাছি গ্রামগুলোতে রাশিয়া বিমান হামলাও চালাচ্ছে।

শনিবার রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, বাখমুত থেকে তাদের ৯৯ শতাংশ যোদ্ধাকে সরিয়ে নেওয়া হয়েছে।

১৫ মাস ধরে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সবচেয়ে দীর্ঘ ও রক্তাক্ত যুদ্ধ হয়েছে বাখমুতে। গতমাসে ইউক্রেন জানিয়েছিল, শহরটিতে যুদ্ধ কিছুটা শিথিল হয়েছে।

তবে শনিবার ইউক্রেনীয় পদাতিক বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি জানিয়েছেন, কিয়েভের সেনারা বাখমুতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘বাখমুতে শত্রুরা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। আমাদের সেনারা লড়ছে। আমরা জিতবো।’  

শনিবার ডনবাসের বাখমুত ও লুহানস্ক অঞ্চলে দুই পক্ষের মধ্যে প্রায় ২৩ দফা সংঘর্ষ হয় বলে যুদ্ধের নিয়মিত বুলেটিনে জানিয়েছে ইউক্রেন।

এক সময়ে প্রায় ৭০ হাজার বাসিন্দার বাখমুত শহর এখন যেন শুধুই একটি যুদ্ধবিধ্বস্ত এলাকা। সামরিক বিশ্লেষকদের মতে, শহরটির কৌশলগত গুরুত্ব সামান্য। রবিবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলার জন্য প্রস্তুত কিয়েভ। এর মাধ্যমে যুদ্ধের মোড় ঘুরে যাবে বলে আশাবাদী তিনি।

সূত্র: রয়টার্স