বাখমুতের কিছু অংশ ‘পুনরুদ্ধার’ করেছে ইউক্রেন, দাবি ওয়াগনার প্রধানের

সম্প্রতি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া বাখমুতের কিছু অংশ পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় সেনারা। এমন দাবি করে মস্কোর ভাড়াটে ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, ‘বাখমুতের বেরখোভা পুনরুদ্ধার করেছে তারা। ফলে এলাকাটি ছেড়ে যাচ্ছে রুশ সেনারা।’

সোমবার (৫ জুন) টেলিগ্রামে এক অডিও বার্তায় প্রিগোজিন দাবি করেছেন, ‘বেরখোভার নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া। সেখান থেকে রাশিয়ার সেনারা চুপচাপ ছেড়ে যাচ্ছে।’

গত মাসে রুশ ও সশস্ত্র ভাড়াটে ওয়াগনার যোদ্ধাদের হাতে বাখমুতের পতন ঘটে। মস্কোর প্রতিরক্ষা বাহিনীর হাতে শহরটির নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয় তারা। কয়েকদিনের মাথায় বাখমুতের উত্তর এবং দক্ষিণে ইউক্রেনের পাল্টা আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। কিছু কিছু জায়গা থেকে সাফল্যের খবর আসছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাদের সামনে থেকে নেতৃত্ব দিতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভকে আহ্বান জানিয়েছেন ওয়াগনার প্রধান। তিনি বলেন, ‘যদি এটি করতে না পারেন তবে আপনাদের বীর যোদ্ধারা মারা যাবে।’ 

আগের দিন ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি দাবি করেছিলেন, ইউক্রেনীয় সেনারা বাখমুতের নিয়ন্ত্রণ নিতে এগিয়ে যাচ্ছে।

ব্যাপক রক্তপাতের মধ্যে দিয়ে সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটি নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বেশি সময় এখানেই কিয়েভের যোদ্ধাদের সঙ্গে লড়াই হয় তাদের। এতে প্রচুর ক্ষয়ক্ষতি এবং উভয়পক্ষের শত শত সেনা নিহত হয়েছে।

সূত্র: সিএনএন