ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার দখলকৃত খেরসন অঞ্চলের জলবিদ্যুৎ বাঁধ ভেঙে প্লাবিত হওয়া এলাকাগুলো থেকে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে রাশিয়া এই বাঁধ ভেঙে দেয় বলে অভিযোগ করেছে ইউক্রেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
বাঁধ বিপর্যয়ের ঘটনায় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠকের পর টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, প্লাবিত এলাকার মধ্যে প্রায় ৮০টি বসতি রয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়েছে রুশ সন্ত্রাসীরা।
নোভা কাখোভকা নামের বাঁধটি ভেঙে দেওয়ার ক্ষেত্রে জড়িত থাকার কথা অস্বীকার করেছে রাশিয়া।
বাঁধের পানিতে ডিনিপ্রো নদীর তীরবর্তী এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিএনএন জানিয়েছে, ইতোমধ্যে অন্তত ৮৮৫ জন মানুষকে সরিয়ে নেওয়া হয়েচে।
এর আগে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডিনিপ্রো নদীর পশ্চিমতীরে খেরসন শহর থেকে মানুষকে সরিয়ে নিতে সহযোগিতা করছে কর্তৃপক্ষ।
গত বছর খেরসনের পশ্চিমতীর রাশিয়ার দখলমুক্ত করে ইউক্রেন। এই তীরের খেরসনের প্রাদেশিক রাজধানী খেরসন শহর অবস্থিত। রুশ সেনারা ডিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান করছে।