দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলগুলোতে নির্বাচনের ঘোষণা পুতিনের

ইউক্রেনের রুশবিরোধী পাল্টা আক্রমণের মধ্যেই এবার দখলকৃত অঞ্চলগুলোতে তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবারের (১৫ জুন) এ ঘোষণার মাধ্যমে পাল্টা আক্রমণের মুখেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এমন সংকেত দিলো মস্কো। এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলায় বেশ প্রস্তুতি নিয়ে নেমেছে ইউক্রেন। আক্রমণ শুরুর এক সপ্তাহের মধ্যেই ৭ টি গ্রাম রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করে ফেলেছে ইউক্রেনীয় সেনারা। যুদ্ধ শুরুর পর থেকে এটি কিয়েভের অন্যতম বড় অর্জন। তবে গত তিন দিন দেশটি কোনও নতুন ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেনি। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, আসল লড়াই এখনও শুরু হয়নি। কেননা, মস্কোর প্রতিরক্ষা অবস্থানে পৌঁছাতে আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে কিয়েভ সেনাদের।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, ‘সম্মুখ সারির যুদ্ধের অবস্থা ইতিবাচক, তবে পরিস্থিতি জটিল।’

তবে পুতিন জোর দিয়ে বলছেন, ইউক্রেনের বিষয়ে মস্কোর লক্ষ্য পরিবর্তন হয়নি। তার দাবি, পাল্টা আক্রমণে রাশিয়ার চেয়ে ১০ গুণ বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে কিয়েভ।

এর আগেও দখলকৃত ৪টি অঞ্চলে গণভোট আয়োজন করেছে পুতিন প্রশাসন। এই গণভোটকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়।

সূত্র: রয়টার্স