জ্বালানি সরবরাহ লাইনে ড্রোন হামলা ঠেকানোর দাবি মস্কোর

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ‘দ্রুজবা’ তেল সরবরাহ লাইনে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। তবে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করেছে। এমন দাবি করেছেন অঞ্চলটির গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টেলিগ্রাম পোস্টে বোগোমাজ বলেছেন, সরবরাহ লাইনের কাছে তিনটি ইউক্রেনীয় সামরিক ড্রোন ধ্বংস করা হয়েছে।

সম্প্রতি রুশ ভূখণ্ডে ড্রোন হামলার ঘটনা বেড়েছে। প্রায়শই রাশিয়ার জ্বালানি সরবরাহ লাইনগুলোকে লক্ষ্য করে হামলা হচ্ছে। এসব ঘটনায় ক্রেমলিন ইউক্রেনকে দুষলেও অস্বীকার করে আসছে দেশটি।

প্রায় দেড় বছর ধরে ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ বাহিনীকে হটাতে সম্প্রতি প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে কিয়েভ। এক সপ্তাহের মধ্যেই রাশিয়ার কাছ থেকে ৭টি গ্রাম পুনরুদ্ধার করেছে জেলেনস্কির বাহিনী।  সূত্র: রয়টার্স