রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে পাল্টা আক্রমণ চলছে কিয়েভের। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সোমবার পূর্বাঞ্চলে ৩৫ বার সংঘাতে জড়িয়েছিল উভয়পক্ষ। খবর সিএনএনের।
তিনি বলেছেন, ডনেস্কের লাইম্যান, বাখমুত, আভদিভকা এবং মারিঙ্কা এলাকায় নজর রাখছে রাশিয়া। আগের দিন ইরানের তৈরি ৩৫টি শাহেদ ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা চালালে ৩২টি ধ্বংস করে দেওয়া হয়।
ইউক্রেনীয় সেনা ও বসতিতে ৭২টিরও বেশি বিমান হামলা চালানোর পাশাপাশি একাধিক রকেট সিস্টেম থেকে ৩৬ বার হামলা চালানোর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেসামরিক মানুষ। তবে রুশ বাহিনী খেরসনের দক্ষিণ ও জাপোরিজ্জিয়া অঞ্চলে কিছুটা প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
পাল্টা আক্রমণের পর ছোট ছোট অগ্রগতি অর্জন করেছে দেশটি। এখনও পর্যন্ত ৮টির বেশি গ্রাম পুনরুদ্ধার করেছে কিয়েভ।
এদিকে দখলকৃত ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে কিয়েভ। দীর্ঘ পাল্লার মার্কিন হিমার্স ও ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন এসব হামলার পরিকল্পনা করছে বলে দাবি রাশিয়ার। মঙ্গলবার (২০ জুন) এমন দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।