দক্ষিণে অগ্রগতি, পূর্বে রুশ হামলা ঠেকানোর দাবি ইউক্রেনের

ইউক্রেনীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় কুপিয়ানস্ক ও লিম্যান শহর অভিমুখে রুশ হামলা ঠেকিয়ে দিয়েছে এবং দক্ষিণাঞ্চলে অগ্রসর হচ্ছে। শুক্রবার ইউক্রেনের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, কুপিয়ানস্ক ও লিম্যানের দিকে আমাদের তুমুল লড়াই করতে হয়েছে। কিন্তু আমাদের সেনারা শত্রুদের সেখানে থামিয়ে দিয়েছে।

চলমান যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী পাল্টা আক্রমণ প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে দেশটি রুশ দখলে থাকা ৮টি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে। এটি গত মাসের মধ্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য। কিন্তু এখনও রাশিয়ার দখলে রয়েছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের বিশাল ভূখণ্ড। ইউক্রেনীয় সেনারা কয়েক মাস ধরে গড়ে তোলার রাশিয়ার মূল প্রতিরক্ষা রেখায় এখনও আঘাত করতে পারেনি।

হান্না মালিয়ার বলেছেন, অবশ্যই আমাদের সামনে বড় ঘটনা রয়েছে। মূল আঘাত এখনও শুরু হয়নি। অবশ্যই, রিজার্ভে থাকা সেনাদের পরে সক্রিয় করা হবে।

তিনি বলেছেন, রুশ সেনারা এখনও পুরো ডনেস্ক ও লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। দক্ষিণে ইউক্রেনের সামরিক অভিযান পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছে। রাশিয়ার পুঁতে রাখা মাইনক্ষেত্রে তাদের গতি কমিয়ে দিলেও তারা এগিয়ে যাচ্ছে।

ইউক্রেনীয় উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেনাবাহিনীর প্রতিবেদন ও অবস্থান অনুসারে সবকিছু পরিকল্পনা অনুসারে এগিয়ে যাচ্ছে। আক্রমণ খুব দ্রুত এগিয়ে যাবে, এমনটি প্রত্যাশা করা জরুরি না। প্রতিদিন আমার এগিয়ে যাচ্ছি। এটি ধীর গতির কিন্তু আমাদের সেনারা সীমান্তে পা রাখার জায়গা পাচ্ছে এবং দৃঢ়ভাবে এগোচ্ছে।  

রণক্ষেত্রের পরিস্থিতি স্বাধীনভাবে রয়টার্সের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। উভয়পক্ষ বলছে, প্রতিপক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। ইউক্রেনের সাম্প্রতিক সামরিক অগ্রগতির কথা স্বীকার করেনি মস্কো।