বিদ্রোহের তিনদিন পর বেলারুশের উদ্দেশে রাশিয়া ছেড়েছে ওয়াগনার প্রধান প্রিগোজিনকে বহনকারী একটি উড়োজাহাজ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (আরআইএ) জানিয়েছে, প্রিগোজিন সম্পর্কিত বিমানটি মঙ্গলবার রাশিয়া ছেড়েছে।
ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, মঙ্গলবার (২৭ জুন) ০২৩২ জিএমটিতে এমব্রিয়ার লিগ্যাসি ৬০০ জেট বিমানটি রাশিয়ার রোস্তভ থেকে বেলারুশের উদ্দেশে ছেড়ে যায়। ০৪২০ জিএমটিতে রাজধানী মিনস্কের কাছে অবতরণের প্রস্তুতি নিতে দেখা যায় ওই বিমানটিকে। কিন্তু সেখানে নেমেছে কিনা তা পরিষ্কার নয়।
বিদ্রোহের সময় রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ শহরটি প্রথম নিয়ন্ত্রণে নেয় ওয়াগনার বাহিনী। প্রিগোজিনকে সবশেষ শনিবার রাতে রোস্তভের পথে দেখা যায়। তার সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে সেখানকার উৎসুক লোকজনকে।
শনিবার ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করে ওয়াগনার যোদ্ধারা। তারা রাশিয়ার রোস্তভ শহরের সেনা সদর দফতর নিয়ন্ত্রণ নেয়। পরে তারা মস্কোর উদ্দেশে রওনা দেয়। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোজিন মস্কো অভিমুখে না গিয়ে নিজের যোদ্ধাদের ঘাঁটিতে ফিরতে বলেন। তখন প্রিগোজিনের বিরুদ্ধে বিদ্রোহের মামলা প্রত্যাহার করা হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাকে বেলারুশে নির্বাসনের পাঠানোর বিষয়ে সমঝোতা হয়েছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল। সূত্র: রয়টার্স