লন্ডনের দক্ষিণাংশের একটি স্কুলে গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ পুলিশ এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ আগে জানিয়েছিল, উইম্বেলডনের একটি প্রাথমিক বিদ্যালয়ে একটি গাড়ির ধাক্কায় মোট সাত শিশু ও দুজন প্রাপ্ত বয়স্ক আহত হয়। পুলিশ ঘটনাটিকে সন্ত্রাস সংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করছে না। ঘটনার পর সেখানে অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের কর্মীরা উপস্থিত হন।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে বলেছে, আমরা ঘটনাস্থলে রয়েছি এবং ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করছি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা নিশ্চিত করছি গাড়ির চালক হিসেবে ৪০-এর কোটার এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
দ্য স্টাডি প্রেপ স্কুলটি উইম্বেলডনের ক্যাম্প রোডে অবস্থিত। এতে ৪ থেকে ১১ বছর বয়সী মেয়েরা পড়াশোনা করে।