ক্রিমিয়া সেতু আংশিক চালু হয়েছে: রাশিয়া

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযুক্ত করা ক্রিমিয়ার কার্চ সেতু আংশিক চালু হয়েছে। সোমবারের হামলার পর সেতুটি দিয়ে প্রাইভেটকার চলাচল করছে। মঙ্গলবার রুশ সরকার এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সেতুতে যানবাহন চলাচলের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে এক রুশ কর্মকর্তা বলেছেন, কার্চ প্রণালী পার হতে যান চলাচলে জন্য সেতুর একটি লেন ব্যবহার করা হচ্ছে।

সোমবার ভোরে সেতুতে দুটি হামলায় এক দম্পতি নিহত ও তাদের মেয়ে আহত হয়েছে। রাশিয়া দাবি করেছে, সমুদ্র থেকে ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে ইউক্রেন।

ইউক্রেনে মোতায়েন রুশ সেনাদের জন্য পরিবহনের গুরুত্বপূর্ণ এই সংযোগে হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার করেছে এর জবাব দেওয়া হবে। পুতিনের নিন্দার পর সোমবার মধ্যরাতে ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি ছিল প্রতিশোধ হামলা। ইউক্রেনীয় কার্চ সেতুতে হামলার পরিকল্পনা যে স্থানে করেছিল সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিবিসির পক্ষ থেকে রাশিয়ার এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কার্চ সেতু দিয়ে যানবাহন চলাচলের ভিডিও প্রকাশ করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। তিনি দাবি করেছেন, মধ্যরাতে সেতু দিয়ে প্রাইভেটকার চলাচল করেছে। দ্বিমুখী যান চলাচল সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হতে পারে।

কার্চ প্রণালীতে নির্মিত এই ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি রাশিয়া ও ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে একমাত্র সরাসরি পরিবহন সংযোগ। ২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া।

কিছু দিনের জন্যও সেতু দিয়ে পরিবহন যদি বন্ধ হয় তাহলে রাশিয়ার জন্য রসদ চ্যালেঞ্জ তৈরি করতে পারে। চলমান পাল্টা আক্রমণের শুরুতে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো এই রসদ সরবরাহে ব্যাঘাত তৈরি করা।