ডোনেস্কে বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইউক্রেন: রুশপন্থি কর্মকর্তা

ইউক্রেনীয় গোলাবর্ষণে রাশিয়ার  দখলকৃত ডোনেস্ক অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের কাঠের ছাদে আগুন লেগেছে। শনিবার এই গোলাবর্ষণ করে ইউক্রেন। রুশপন্থি স্থানীয় এক কর্মকর্তা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশপন্থি মেয়র আলেক্সেই কুলেমজিন বলেছেন, ডোনেস্কে সর্বশেষ হামলায় ইউনিভার্সিটি অব ইকনোমিকস অ্যান্ড ট্রেড-এর প্রথম ভবনে আগুন লেগেছে।

রুশপন্থি জরুরি সেবা মন্ত্রী  আলেক্সেই কস্ত্রুবিতস্কি বলেছেন, ১২টি পানির ট্যাংক, তিনটি সিঁড়ি ও ১০০ জন দমকলকর্মী আগুন নেভানোর জন্য কাজ করছে। পুরো ছাদে আগুন। ছাদ কাঠের হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছে। এই গোলাবর্ষণ থেকে আগুন লেগেছে।

রয়টার্স রুশপন্থি কর্মকর্তার দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষ ক্লাস্টার বোমা ব্যবহার করছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার বোমা পেয়েছে ইউক্রেন। তারা দাবি করেছে, শুধু রুশ সেনাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হবে।

ডোনেস্কে কথিত গোলাবর্ষণের বিষয়ে ইউক্রেনের তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। উভয় পক্ষ বেসামরিকদের ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে।

রুশ বার্তা সংস্থা আরআইএ ডোনেস্কের জরুরি সেবাকে উদ্ধৃত করে জানিয়েছে, রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসার আগে তা প্রায় ১ হাজার ৮০০ বর্গ মিটারজুড়ে ছড়িয়ে পড়েছিল।