রাশিয়াকে তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগে এক নারীকে আটক করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। সোমবার সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর হামলার জন্য রাশিয়াকে তথ্য দিয়েছেন এই নারী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এসবিইউ বলেছে, জেলেনস্কির মাইকোলাইভ অঞ্চল সফরের আগে তার সফরসূচি সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন আটক নারী। সংস্থাটির পক্ষ থেকে ওই নারীর একটি ঝাপসা ছবি প্রকাশ করা হয়েছে। মাস্ক পরা কর্মকর্তারা তাকে রান্নাঘরে আটক করেন। একই সঙ্গে তার সামরিক কর্মকাণ্ডের ফোন বার্তা ও হাতে লেখা চিরকুট প্রকাশ করা হয়েছে।
টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে তাকে অবহিত করেছেন এসবিইউ প্রধান।
ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা বলেছে, হামলার ষড়যন্ত্র সম্পর্কে ইউক্রেন আগেই জানতে পারে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়। মাইকোলাইভ অঞ্চলে বড় ধরনের হামলা পরিচালনায় রাশিয়াকে সহযোগিতা করছিলেন ওই নারী।
আটক নারীর বিরুদ্ধে অস্ত্র ও সেনাদের গতিবিধি নিয়ে অনুমোদনহীন তথ্য সরবরাহ করার অভিযোগ আনা হতে পারে। দোষী সাব্যস্ত হলে তার ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।