রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তানের একটি বিমানবন্দরে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীরা তাণ্ডব চালিয়েছে। রবিবার ইসরায়েল থেকে একটি উড়োজাহাজ অবতরণের পর কয়েক শ’ বিক্ষোভকারী বিমানবন্দরটিতে জোর করে ঢুকে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয়েছে অন্তত ৬০ জন বিক্ষোভকারীকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দাগেস্তানের আঞ্চলিক রাজধানী মাখাচকালার একটি বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। রয়টার্সের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, তরুণ বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করছে। রবিবার সন্ধ্যায় আরেকটি দলকে একটি পেট্রোলবাহী ট্রাককে উল্টে দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগে অন্তত ২০ জন আহত হয়েছেন। নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে রয়টার্সকে জানানো হয়েছে, উড়োজাহাজটির যাত্রীরা নিরাপদ রয়েছেন।
রাশিয়ার উত্তরাঞ্চলীয় ককেশাস অঞ্চলে গত কয়েক দিন ধরে ইসরায়েলবিরোধী একাধিক ঘটনা ঘটেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এমন ঘটনার সংখ্যা বেড়েছে।
স্থানীয় দাগেস্তানি সরকার জানিয়েছে, প্রজাতন্ত্রজুড়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
রাশিয়ার অ্যাভিয়েশন কর্তৃপক্ষ নিরাপত্তা পুরোপুরি যাচাই করার আগ পর্যন্ত বিমানবন্দরটিতে ফ্লাইট স্থগিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১৫০ জন সক্রিয় বিক্ষোভকারীকে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে বিমানবন্দরটি পুরোপুরি আইনশৃঙ্খলাবাহিনী সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে।