সিরিয়ায় ইরানি স্থাপনায় আবারও মার্কিন হামলা

ইরানের সঙ্গে যুক্ত সিরিয়ার দু’টি স্থাপনায় রবিবার (১২ নভেম্বর) বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য গাডির্য়ান’ এই খবর জানিয়েছে।

তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো সিরিয়ায় কথিত ইরান-সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরান-সমর্থিত বিভিন্ন গ্রুপ হামলা চালাচ্ছে।

এক বিবৃতিতে লয়েড অস্ট্রিন বলেন, ‘রবিবার পূর্ব সিরিয়ায় ইসলামি রেভুলশনারি গার্ড গ্রুপ (আইআরজিসি) এবং ইরান-সংশ্লিষ্ট গ্রুপগুলোর ব্যবহৃত স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে।’

হামলার লক্ষ্যবস্তু নিয়ে লয়েড বলেন, ‘আলবু কামালে অবস্থিত একটি প্রশিক্ষণ স্থাপনা এবং মায়াদিন নগরীর একটি সেইফ হোমে ওই হামলা দু’টি চালানো হয়।’

এর আগে, বুধবার সিরিয়ায় ইরান-সম্পর্কিত একটি অস্ত্রভাণ্ডারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারও আগে, গত ২৬ অক্টোবর দেশটির দু’টি স্থাপনাতেও হামলা করে তারা।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে সম্প্রতি মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনা বাড়ছে।

মধ্যপ্রাচের দেশ ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে। আর সিরিয়ায় রয়েছে ৯০০। ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএসের পুনরুত্থান ঠেকানোর লক্ষ্যে দেশগুলাতে এসব সেনা মোতায়েন রয়েছে।