রাশিয়ার সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করলো ফিনল্যান্ড

অভিবাসন নিয়ে উদ্বেগের জেরে রাশিয়ার সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড। আজ বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এই খবর প্রকাশ করেছে

মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে অভিবাসীদের আগমন ঠেকাতে এর আগে  মস্কোর সঙ্গে সীমান্তে আরও সাতটি চেকপয়েন্ট বন্ধ করে দেয় ফিনিশ সরকার। তবে রাজা-জুসেপ্পি নামে একটি চেকপয়েন্ট শুধু খোলা ছিল। এবার এই চেকপয়েন্টিও বন্ধ করে দিয়েছে দেশটি।

মস্কোর বিরুদ্ধে ফিনল্যান্ডের অভিযোগ, অভিবাসীদের ফিনিশ সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে রাশিয়া।

এর আগে, এই বিষয়ে মস্কোর আচরণকে ‘হাইব্রিড যুদ্ধ কৌশল’ বলে বর্ণনা করেছে দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার থিঙ্কট্যাঙ্ক।

ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১৩ ডিসেম্বর পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে সীমান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় ফিনল্যান্ডের মধ্যে। তাই নিরাপত্তার স্বার্থে চলতি বছরের শুরুর দিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় দেশটি।

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ৮৩০ মাইল সীমানা রয়েছে। তাই দেশটি ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়াকে ভালোভাবে গ্রহণ করেনি রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পেছনে অন্যতম একটি কারণ ছিল রাশিয়ার সীমান্তের দিকে ন্যাটো জোটের সম্প্রসারণ, এমন যুক্তিই দেখিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

আরও পড়ুন: ন্যাটোকে অস্থিতিশীল করতে পুতিনের ‘নতুন পরিকল্পনা’