ডিমের দাম নিয়ে পুতিনের বিরল দুঃখপ্রকাশ

ডিমের দাম বৃদ্ধি নিয়ে বিরল দুঃখপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ডিমের দাম নিয়ে এক পেনশনভোগীর অভিযোগের পর তিনি এই দুঃখপ্রকাশ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিনিধি ও রাশিয়ার বিভিন্ন অঞ্চলের জনগণের সঙ্গে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে পেনশনভোগী আইরিনা আকোপভাকে রান্নাঘরের টেবিলে বসা অবস্থায় দেখানো হয়েছে। সেখান থেকে ভিডিও লিঙ্কে রুশ প্রেসিডেন্টের সঙ্গে যুক্ত হন তিনি।

ডিম ও মুরগির মাংসের দাম আকাশছোঁয়া বলে অভিযোগ করেন আকোপভা। তিনি বলেন, ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ, পেনশনভোগীদের প্রতি সদয় হোন! পেনশন থেকে আমরা লাখো রুবল পাই না। বিষয়টি সমাধান করুন। দ্বারস্থ হওয়ার মতো আমাদের আর কেউ নেই। আমি আপনার প্রতি খুব কৃতজ্ঞ। আমি আপনার সহযোগিতার পাওয়ার আশায় রয়েছি।

এই প্রশ্নে রুশ নাগরিকদের জীবনযাত্রার মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটেছে। এর আগে পুতিন স্বীকার করেছেন যে, চলতি বছর মূল্যস্ফীতি ৮ শতাংশের দিকে এগিয়ে যাচ্ছে।

জবাবে পুতিন বলেছেন, আমি এ জন্য দুঃখপ্রকাশ করছি। কিন্তু এটি সরকারের কাজের ব্যর্থতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি অদূর ভবিষ্যতে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।

দীর্ঘ এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুতিন সাধারণ রুশ নাগরিকদের প্রতি তিনি কেমন সহানুভূতিশীল তা তুলে ধরেন। এতে জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।

চলতি সপ্তাহে রুশ সরকার জানিয়েছে, ১২০ কোটি ডিম আমদানির ক্ষেত্রে আগামী বছর প্রথম ছয় মাসে শুল্ক আরোপ করা হবে না। ডিমের দাম ৪০ শতাংশ বেড়ে যাওয়াতে তা নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার যেসব নাগরিক বিভিন্ন সমস্যা পুতিনের দৃষ্টিগোচরে এনেছেন প্রশ্নোত্তর পর্ব চলাকালে অনেকগুলোর সমাধান হয়েছে।