ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্কের মারিঙ্কা শহরে রুশ নিয়ন্ত্রণের দাবি নাকচ করে দিয়েছে ইউক্রেন। রাশিয়ার এমন দাবি অস্বীকার করে সোমবার (২৫ ডিসেম্বর) ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সেনারা এখনও ধ্বংসপ্রাপ্ত শহরের সীমানার মধ্যেই রয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, তাদের সেনারা মারিঙ্কা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
তবে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন সোমবার ইউক্রেনের জাতীয় সম্প্রচারককে বলেছেন, শহরটিতে এখনও তুমুল লড়াই অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সেনারা মারিঙ্কার প্রশাসনিক সীমানায় রয়েছেন। শহরটি রক্ষায় যুদ্ধ অব্যাহত রয়েছে। এটি ঠিক শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে মারিঙ্কার সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্পর্কে বলা কথাটি ভুল।’
কোনও পক্ষের দাবিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
ডোনেস্ক অঞ্চলের একটি ছোট শহর মারিঙ্কা।যুদ্ধ-পূর্ববর্তী শহরটির জনসংখ্যা ছিল প্রায় ১০ হাজার। যুদ্ধ শুরু পর প্রাণবন্ত এই শহরটি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।