শুক্রবার ইউক্রেনে রাশিয়ার হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেন। শনিবার (৩০ ডিসেম্বর) এই হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। ইউক্রেনের নিক্ষেপ করা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ব্রায়ানস্ক শহরে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এক শিশুকে হত্যা করেছে। এদিকে বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, দুটি গ্রামে হামলা করেছে ইউক্রেন। সেখানে ২০১৪ সালে জন্ম নেওয়া এক শিশুকে হত্যা করেছে তারা।
বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ইউক্রেনের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হেনেছে। সেখানে একজন নিহত হয়েছেন। আহত চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইউক্রেনের হামলায় বেলগোরোড শহরের পানি সরবরাহের লাইনে সমস্যা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন স্থানে ইউক্রেনের হামলা করা ১৩টি ক্ষেপণাস্ত্র ও ৩২টি ড্রোন ধ্বংস করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।
প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার চালানো বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলার পর এই হামলা করেছে ইউক্রেন। শুক্রবারের সেই হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬০ জন। ইউক্রেনের প্রায় ১২০টি গ্রামে হামলা করেছিল রাশিয়া।