রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার কাছে কৃষ্ণ সাগরের অগভীরে একটি বিশেষ অভিযান চালিয়ে রাশিয়ার একটি নৌযান বিধ্বস্ত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বুধবার দিবাগত রাতে ইভানোভেটস নামের রুশ জাহাজটি একাধিক আঘাতের পর ডুবে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নৌযানটিতে হামলা চালানোর মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, হামলার কিছুক্ষণের মধ্যেই বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।
এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি রুশ কর্তৃপক্ষ।
তবে রুশ সামরিক ব্লগার ভয়েনকর কটেনক টেলিগ্রামে লিখেছেন, সামুদ্রিক ড্রোনের তিনটি আঘাতের পর জাহাজটি ডুবে যায়।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অলেক্সান্ডার শেরবা এই হামলাকে ‘আকর্ষণীয়’ বলে উল্লেখ করেছেন। বিবিসিকে তিনি বলেছেন, জাহাজটিতে প্রথমবার আঘাত করা হয় ভোর চারটার দিকে। ওই সময় জাহাজের সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে জাহাজটির হামলার এড়ানোর কোনও সুযোগ ছিল না।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, একাধিক আঘাতের পর রুশ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং অচল হয়ে পড়ার পর ডুবে যায়। রাশিয়ার একটি তল্লাশি ও উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছে। জাহাজটির আনুমানিক মূল্য ৬০-৭০ মিলিয়ন ডলার।